রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট, মঞ্চ ২৪-এর নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭

শেয়ার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট, মঞ্চ ২৪-এর নিন্দা
ছবি সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মঞ্চ ২৪।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্টুডিওটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলাকারীরা স্টুডিওর গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, মোবাইল ফোন, মানিব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। একই সঙ্গে স্টুডিওতে কর্মরত ব্যক্তিদের অস্ত্রের ভয় দেখানোর ঘটনাও ঘটেছে।

মঞ্চ ২৪-এর মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের হামলা, ভাঙচুর ও লুটপাট শুধু একজন ব্যক্তির সম্পদের ওপর আঘাত নয়; এটি নাগরিকের নিরাপত্তা, সৃজনশীল কর্মকাণ্ড এবং স্বাভাবিকভাবে কাজ করার অধিকারকে প্রশ্নের মুখে ফেলে।

সংগঠনটি বলেছে, সালমান মুক্তাদিরের মতো একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের সৃজনশীল কর্মক্ষেত্রে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের আড়ালে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না।

মঞ্চ ২৪-এর দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে রাজধানীসহ সারাদেশে নাগরিকদের জানমাল ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও জানিয়েছে সংগঠনটি।

মঞ্চ ২৪ আরও বলেছে, বাংলাদেশে কোনো নাগরিকের ওপর হামলা, চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় গ্রহণযোগ্য নয়।