বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সিরাজগঞ্জ শহরে তিনি শান্তি চান। শহরে অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।
তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।
জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে টুকু বলেন, জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। এতে কোনো লাভ হবে না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন এমন কথা বলা হচ্ছে।
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে টুকু বলেন, তিনি ক্ষমতার অপব্যবহার করেননি। তবে কেউ এক গালে চড় দিলে দুই গালে চড় দেওয়ার কথা বলেন তিনি। পুলিশ তাদের ধরছে না এবং তারা বাড়িতে অবস্থান করছেন উল্লেখ করে টুকু বলেন, চ্যালেঞ্জ দিয়ে চলা মেনে নেওয়া হবে না। আইনের মাধ্যমে যে শাস্তি হওয়ার, তা হবে।
সম্প্রতি সিরাজগঞ্জ শহরে ঘটে যাওয়া সংঘর্ষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শহরে তিনি শান্তি চান। অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দুর্গাপূজায় সহযোগিতার আহ্বান
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে টুকু বলেন, দুর্গাপূজা আর অল্প কিছুদিন পর শুরু হবে। অন্য ধর্মে বিশ্বাসীদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা ও সাহায্য করবেন। এটাই ইসলাম শেখায়। রাসুল (সা.) অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করার শিক্ষা দিয়েছেন।
সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের যে সমস্যা ছিল, তা এখন নেই। জনগণ ধৈর্য ধরে সরকারের সঙ্গে ছিলেন। তাদের সঙ্গেই দেশ চালাতে চান তিনি।
তারেক রহমানের বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গে টুকু বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক রহমান কাজ করছেন।
জামায়াত প্রসঙ্গে তিনি আরও বলেন, ২০২২ সালে হাজারীবাগের বস্তিতে তিনি বিএনপি-জামায়াত নয়, জামায়াত-আওয়ামী লীগ বলেছিলেন। তখন অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। জামায়াতকে তারা চেনেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন:







