শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

হুংকার নয়, সাহস থাকলে এখনই আসেন: প্রতিমন্ত্রী ইয়াসের খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৯

শেয়ার

হুংকার নয়, সাহস থাকলে এখনই আসেন: প্রতিমন্ত্রী ইয়াসের খান
ছবি সংগৃহীত

বিরোধী শক্তির উদ্দেশে হুংকার না দিয়ে সাহস থাকলে এখনই দেশে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে যারা দেশ থেকে পালিয়ে গেছেন, তারা আবার ডিসেম্বরে আসার কথা বলছেন। দেশের জনগণই তাদের বিচার করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে সকালে নান্দাইল চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে একটি যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহস থাকলে এখনই আসার আহ্বান

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে যারা দেশ থেকে পালিয়ে গেছেন, তারা আবার ডিসেম্বরে আসার কথা বলছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, হুংকার না দিয়ে সাহস থাকলে এখনই আসতে। দেশের জনগণই তাদের সঠিক বিচার করবে।

বিরোধী শক্তির উদ্দেশে তিনি আরও বলেন, ১৯৭১, ১৯৯০, ১৯৯৬ এবং সর্বশেষ ২০২৪ সালেও ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি।

প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের কথা

দেশের মাটিতেই প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যেসব মায়ের বুক খালি করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা দেখে যেতে হবে। প্রতিটি অপরাধের জন্য জবাব দিতে হবে।

সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।