পুলিশের কিছু সদস্য এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে নানা ধরনের তথ্য দিচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তারা দেশের বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।
আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। সব মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে এ ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটে আধুনিক যন্ত্রপাতি থাকবে।
তিনি বলেন, বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় সাপোর্ট হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে যেসব অপরাধ হচ্ছে, তা আধুনিক অপরাধপ্রবণতার একটি বৈশিষ্ট্য। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে। এ কারণে বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে।
আরও পড়ুন:







