বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪১

শেয়ার

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
ছবি সংগৃহীত

পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন নয়

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে চিন্তা করছে কমিশন। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে দেখা গেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। আবার বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য বিষয়ও পিছিয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে।

তিনি বলেন, রমজান, ঈদ, পূজা, এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের কথা চিন্তা করছে ইসি।

সরকারের চাপে তারিখ পেছায়নি ইসি

অপর এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বরং বাস্তবতা, আইন ও সংবিধান—সবকিছু বিবেচনা করেই কমিশন তারিখ ঘোষণা করে।