চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী বছরের শুরুতে এ নির্বাচন শুরু হতে পারে। আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য মন্ত্রণালয় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় আড়াই হাজার কোটি টাকা রাখা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য।
৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে বসবে সোলার প্যানেল
স্থানীয় সরকারের সব অফিস, দপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করা হবে বলেও জানান মীর শাহে আলম।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এতে ব্যয় হবে ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।
আরও পড়ুন:







