মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

তুরাগ থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪০

শেয়ার

তুরাগ থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ রিত্তিক হাসান (২১) নামে এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

তুরাগ থানা সূত্রে জানা যায়, তুরাগ থানায় দায়ের করা ওই মামলায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজের ওপর সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্তকালে এজাহারনামীয় আসামিদের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখে তুরাগ থানা পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অনুসন্ধানের ভিত্তিতে মোঃ রিত্তিক হাসানের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার তুরাগ থানা এলাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২:০০টায় তুরাগ থানা পুলিশের একটি টিম ধউর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরা ইউনিভার্সিটির সামনে থেকে মোঃ রিত্তিক হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিত্তিক হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।