মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

মৌচাকে চোরাই প্রাইভেটকার উদ্ধার: মালিকের কাছে হস্তান্তর করেছে সবুজবাগ ট্রাফিক জোন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৩

শেয়ার

মৌচাকে চোরাই প্রাইভেটকার উদ্ধার: মালিকের কাছে হস্তান্তর করেছে সবুজবাগ ট্রাফিক জোন
ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাক এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোনের সদস্যরা।

ট্রাফিক সবুজবাগ জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় মৌচাক ফরচুন মার্কেটের সামনে মূল সড়কে ডিউটিরত ট্রাফিক পুলিশ একটি সাদা রঙের প্রিমিও প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়।

গাড়ির মালিক জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২:৫০ ঘটিকার দিকে পল্টন মডেল থানাধীন কাকরাইল এলাকা থেকে গাড়িতে থাকা ২৭ লাখ ২০ হাজার টাকাসহ প্রাইভেটকারটি চালক চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে পল্টন মডেল থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

উপস্থিত জনগণ ও গাড়ির মালিকের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করে কোনো টাকা পাওয়া যায়নি। পরবর্তীতে সবুজবাগ ট্রাফিক জোনের সদস্যরা উদ্ধারকৃত প্রাইভেটকারটি রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

চোরাই গাড়িটি ফিরে পেয়ে মালিক আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের প্রশংসা করেন।