ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাতে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে তাঁকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের পরিকল্পনা করে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব বা এগ্রিমো পাঠিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে এ প্রস্তাব পাঠানো হয়।
আসাদ আলম সিয়াম অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৯৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন।
কর্মজীবনে আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়েও দায়িত্বে ছিলেন তিনি।
এ ছাড়া তিনি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত, ইতালির মিলানে প্রথম কনসাল জেনারেল, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের মহাপরিচালক, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:







