মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৮

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪০

শেয়ার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান
ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এটিই নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা বৈঠকে অংশ নেবেন।

বৃহস্পতিবারই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনে তিনি ১৮ জন বক্তার মধ্যে ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তাঁর সম্ভাব্য বক্তব্যের সময় নির্ধারণ করা হয়েছে বিকেল সাড়ে ৫টা। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।

এর আগে বৃহস্পতিবার সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত সংকট মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পাঁচ মিনিটের উদ্বোধনী বক্তব্য দেবেন। পরে মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তির বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবারের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশন। দুপুর ২টা ১৫ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত জাতিসংঘের দ্বিপক্ষীয় বুথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশের স্থায়ী মিশন অথবা তাঁর আবাসিক হোটেল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে ফিরবেন। রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

পরদিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ম্যানহাটনে জেপি মরগানের প্রধান কার্যালয়ে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১১টায় কুয়েতের স্থায়ী মিশনে দেশটির ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

দুপুরে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ রা’দ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে আন্তর্জাতিক ভূরাজনীতি, বৈশ্বিক প্রবণতা ও বিভিন্ন ঝুঁকি নিয়ে মতবিনিময়ের কথা রয়েছে। পরে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।

জাতিসংঘ সফর শেষে শুক্রবার নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাতে দুবাই পৌঁছাবে। এরপর ২৭ সেপ্টেম্বর ভোরে দুবাই থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।