জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্থাটির বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, সে বিষয়ে আলোচনা হবে।
জানা গেছে, বৈঠকে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এ তথ্য জানিয়েছেন।
এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে বাসের ভাড়া কীভাবে সমন্বয় করা যায়, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি মালিক সমিতির কিছু দাবি-দাওয়াও বৈঠকে তুলে ধরা হবে। এরপর সরকার কী সিদ্ধান্ত নেয়, তা দেখা হবে।
বৈঠকের পর শুরু হবে ভাড়া নির্ধারণের প্রক্রিয়া
বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্যান্য শ্রেণির বাসের জন্য পৃথক হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে।
বৈঠকের সুপারিশের পর প্রতি কিলোমিটারে বাসভাড়া কতটা বাড়বে, তা নির্ধারণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব ও আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।
ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২০ টাকা
এর আগে রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। এতে প্রতি লিটার ডিজেলের খরচ ২০ টাকা বেড়েছে।
আরও পড়ুন:







