রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৬

শেয়ার

কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের
ছবি: সংগৃহীত

কানাডার সঙ্গে তৈরি পোশাকের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ। একই সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে।

রবিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে বহুপক্ষীয়তাকে সমুন্নত রাখতে বাংলাদেশ ও কানাডার একসঙ্গে কাজ করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ ও বৈঠকের আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এছাড়া তৈরি পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল ও যন্ত্রপাতির মতো খাতে বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেয়া হয়।

বৈঠকে কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার অব্যাহত সহযোগিতার জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি।

জবাবে কানাডার হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের বিষয়ে কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া দুই দেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন কানাডার হাইকমিশনার। বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

বৈঠকে উভয় পক্ষ পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশ-কানাডা সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে।