রাজধানীর হাইকোর্টের পর এবার শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে একই দিন দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
আগের দুই দিনের ধারাবাহিক ঘটনায় বাড়ানো হয় নিরাপত্তা
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ঢাকাজুড়ে দুইশর বেশি স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়।
এর মধ্যেই শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরসহ অন্তত পাঁচটি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। একই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
আরও পড়ুন:







