রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৮

শেয়ার

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

রবিবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গুরুত্ব পাবে। সফরকালে রোহিঙ্গা সংকট, মাতৃস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে বৈঠকেও অংশ নেবেন তিনি।

সফরকালে কুয়েতের ক্রাউন প্রিন্স, পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চারজন মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল থাকছে। অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও আইনমন্ত্রী তাঁর সঙ্গে সফর করবেন।

সফরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।