রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার চারজনই দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৪

শেয়ার

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার চারজনই দায় স্বীকার
ছবি সংগৃহীত

কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামিই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিল। তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়। তুহিনসহ চারজনই হত্যার দায় স্বীকার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এতে সারা দেশের মানুষ মর্মাহত। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ করে দ্রুত বিচার শুরু হবে।

তিনি আরও বলেন, সমাজের পতন বহু বছর ধরে শুরু হয়েছে। সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।