জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সারা দেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানির দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করেন।
এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। ইতোমধ্যেই আপিলের প্রস্তুতি নেয়া হয়েছে।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে এই কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা মোট আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় প্রতিটি অভিযোগে তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে তিনটি সাজা একই সাথে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাবাস করতে হবে।
পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী ছাত্র-জনতার ছবি দেখে তালিকা তৈরি এবং তাদের আটক ও নির্যাতনের জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারকে টেলিফোনে নির্দেশ দেওয়ার অভিযোগটি প্রমাণিত হয়। একই সঙ্গে আন্দোলনকারীদের গুরুতর আহত করা, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের দায়ে তাকে এই সাজা দেয়া হয়।
এছাড়া ১৪ দলীয় জোটের সভায় উপস্থিত থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগও প্রমাণিত হয়েছে। পাশাপাশি আদালত তাকে দুটি অভিযোগে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
অন্যদিকে, ইনুর বিরুদ্ধে আনা ১, ২, ৪, ৫ এবং ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এসব অভিযোগ থেকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জন আন্দোলনকারীকে হত্যা এবং সারা দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও ২৫ হাজারের বেশি ছাত্র-জনতাকে আহত করার নির্দেশ দেওয়ার অভিযোগ।
এছাড়া গণভবনে ১৪ দলীয় জোটের সভায় দেখামাত্র গুলির সিদ্ধান্ত গ্রহণে উসকানি দেওয়ার অভিযোগও এই দফায় প্রমাণিত হয়নি।
জুলাই আন্দোলনের এই মামলার রায়ের পাশাপাশি ২০১৩ সালে তথ্যমন্ত্রী থাকাকালীন শাপলা চত্বর হত্যাকাণ্ডের সময় কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকার অভিযোগে দায়ের করা মামলায়ও বিচারের মুখোমুখি হচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আরও পড়ুন:







