রাজধানীতে একই রাতে একাধিক স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মিরপুরের দুটি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পাশাপাশি বাড্ডায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ডিএমপির বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তারা কাজ করছে।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বরে প্রায় একই সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক বা গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।
মিরপুর-১ এলাকায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। সাধারণ জনগণ ও পুলিশের তৎপরতায় আগুন ধরার সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয়।
পল্লবী থানাধীন মিরপুর-১১-এর জমজম টাওয়ারের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবীর আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, মিরপুর-১ এলাকায় একটি শিকড় পরিবহনের বাসে আগুন লাগিয়েছিল দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কারা আগুন লাগিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি হাসান। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর-১ এলাকায় একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পুলিশের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:







