রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১

শেয়ার

দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ২৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতের দিকে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে রাখা জব্দকৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তাৎক্ষণিকভাবে আগুনে ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

ঘটনার পর থানার সামনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই সঙ্গে আগুন দেওয়ার ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।