আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খাল পুনঃখনন, মাছের পোনা অবমুক্তকরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর ঘটিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙা করা সম্ভব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের মৎস্যসম্পদ উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ হিসেবে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। ইতোমধ্যে খাল থেকে কচুরিপানা অপসারণ করা হয়েছে। বর্তমানে খালে পানিপ্রবাহও রয়েছে। এরই অংশ হিসেবে খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খালগুলো সচল হলে কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় অর্থনীতির ওপর এর ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
আরও পড়ুন:







