বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৫

শেয়ার

ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ৬০ লক্ষের বেশি বিএনপির নেতার নামে গায়েবি মামলা দেয়া হয়েছে। জুলাই-আগস্টে ২০ দিনে ১৪শ' মানুষকে হত্যা করা হয়েছে। এতে আওয়ামী লীগের কোন অনুতাপ নেই।

এ সমায় মতাদর্শিক অবস্থান থেকে বিএনপি কোন ধরনের দল, তার একটি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল। জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্মহীনতা ও ধর্ম ব্যবসা দুটোর বিরুদ্ধেই কথা বলে। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় না।

আইনমন্ত্রী বলেন, ‘ধর্ম আমার বিশ্বাসের জায়গা, ধর্ম আমার শ্রদ্ধার জায়গা, ধর্ম আমার ইহকাল-পরকালের জায়গা। কিন্তু সেই ধর্ম রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত আমরা ঘটাতে চাই না।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা (আইনজীবীরা) এখানে অনেক মুসলিম সমাজের আইনজীবী আছেন, হিন্দু সমাজের আইনজীবী আছেন, কেউ কেউ খ্রিস্টান সমাজের আইনজীবী আছেন। কিন্তু যখন আপনি আদালতের সামনে দাঁড়ান, তখন আপনার পরিচয় কিন্তু মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু নয়। তখন আপনি কালো কোট পরা একজন আইনজীবী।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।