বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের, ফের ১১ পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১০

শেয়ার

মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের, ফের ১১ পরিবর্তন আসছে

মন্ত্রিসভায় অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির প্রত্যাশা থাকলেও প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। নতুন বেতনকাঠামোর খসড়াও আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। খসড়াটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। শিগগিরই খসড়াটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

বাড়িভাড়া ও চিকিৎসাভাতায় পরিবর্তন

নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ করা হচ্ছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পাওয়া যাবে।

বয়সভেদে চিকিৎসাভাতার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসাভাতা দেওয়া হবে।

নিম্ন গ্রেডে বাড়বে বার্ষিক বেতন

নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও তার নিচের গ্রেডে ৫ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

সব গ্রেডের কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। গ্রেড-৫ ও তার ঊর্ধ্বে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও নিচের গ্রেডে ১৫০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে।

যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা বাড়ছে

নতুন কাঠামোয় যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে ৩ হাজার টাকা ভাতা চালু করা হচ্ছে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধা পাবেন।

তবে বাংলা নববর্ষ ভাতা কমানো হচ্ছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে দেওয়া এ ভাতা কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।

ঝুঁকি ও দুর্গম এলাকার ভাতায় পরিবর্তন

প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে নির্ধারণের পাশাপাশি ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা ও উৎসব ভাতা আগের হারেই বহাল থাকবে।

পাহাড়ি এলাকার সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা রাখার সিদ্ধান্ত হয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় সর্বোচ্চ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

হাওর, দ্বীপ ও চর এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা আগের মতোই থাকবে। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পেনশন ও সামরিক বাহিনীর ভাতায় পরিবর্তন

এক গ্রেড এক পেনশন পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা হবে।

সশস্ত্র বাহিনীর অফিসার ও সদস্যদের বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ বেশির ভাগ ভাতার ক্ষেত্রে বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

ভেটিং শেষে জারি হবে প্রজ্ঞাপন

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। শিগগিরই খসড়াটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং সম্পন্ন হওয়ার পর নতুন বেতনকাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।