নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় নৌকা প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। একই সঙ্গে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ব্যালটে না প্রতীক রাখার বিধান যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি ১ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
নির্ধারিত প্রতীকের তালিকা
প্রজ্ঞাপনে নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা ও জগ।
এ ছাড়া রয়েছে জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত, হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক ও না প্রতীক। তালিকায় নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনি ব্যয়ের নিয়মেও পরিবর্তন
সংশোধিত প্রজ্ঞাপনে নির্বাচনি আর্থিক লেনদেন ও ব্যয় নির্বাহের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১-এর ফরম-১-এর তৃতীয় অংশে প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যাংক হিসাবের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া সংযুক্তি-১-এর ক্রমিক নম্বর ৩(গ)-এ একটি বিশেষ দ্রষ্টব্য যুক্ত করা হয়েছে। এতে অভিযুক্ত বলতে সেই আসামিকে বোঝানো হয়েছে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছে।
সংযুক্তি-১-এর ক্রমিক নম্বর ১০-এও নতুন বিশেষ দ্রষ্টব্য যুক্ত হয়েছে। এতে ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







