রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বালেন্দ্র শাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৬

শেয়ার

নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বালেন্দ্র শাহ
ছবি সংগৃহীত

নেপালে ২৬ আগস্টের আকস্মিক বন্যার পর সহমর্মিতা প্রকাশ এবং ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই কৃতজ্ঞতা জানানো হয়।

বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ

চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিধ্বংসী ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নেপালের জনগণ ও সম্প্রদায়গুলোর ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।

চিঠিতে আরও বলা হয়, এই শোকের সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। মর্মান্তিক এই ঘটনা থেকে ঘুরে দাঁড়ানো এবং নেপালের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তার প্রচেষ্টায় বাংলাদেশের এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

সংসদে শোক প্রস্তাবেও কৃতজ্ঞতা

বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। তাঁর মতে, এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

চিঠিতে বলা হয়, নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।

প্রতিকূলতার সময়ে বাংলাদেশ নেপালের প্রতি যে সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করেছে, তা নেপালকে গভীরভাবে স্পর্শ করেছে এবং নেপালের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।