শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

গুলশান বিভাগের ডিসিকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০

শেয়ার

গুলশান বিভাগের ডিসিকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার পর ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরানো হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে তাকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গুলশান মডেল থানার ওসিকেও সরানো হয়

এর আগে একই দিন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গুলশানে ঝটিকা মিছিল ও ককটেল নিক্ষেপ

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।

মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেন। এ সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।