বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

কারওয়ান বাজার-ফার্মগেটে মেট্রোরেল এলাকায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৬

শেয়ার

কারওয়ান বাজার-ফার্মগেটে মেট্রোরেল এলাকায় উচ্ছেদ অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

ডিএমটিসিএল জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

অভিযানে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা অবৈধ দখল ও ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অননুমোদিত স্থাপনাও উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএমটিসিএল বলছে, অভিযানের পর কারওয়ান বাজার ও ফার্মগেইট স্টেশন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে। এতে যাত্রীদের চলাচলের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।

অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তা সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে রাজধানীর আরও কয়েকটি মেট্রোরেল স্টেশন এলাকায় একই ধরনের অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। সেসব অভিযানে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্টদের জরিমানাও করা হয়।