কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তা প্রকাশ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝেমধ্যে কিছু অপতৎপরতা চালায়। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও তৈরি করা হয়। এসব মিছিলের কিছু কিছু দৃশ্যমানও হয়। অল্পসংখ্যক লোক নিয়ে এ ধরনের মিছিলের বিষয়টি তারা দেখেছেন।
গুলশানের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে
গুলশানের মিছিলের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দিনের বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এ ধরনের কিছু করতে পারে।
গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটিকে ব্যর্থতা বলার সুযোগ নেই। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য সূচি প্রকাশ করেছে, তা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তমন্ত্রণালয় সভার মতামতের আলোকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:







