প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড কোনো ব্যাখ্যা ছাড়াই বাতিল করার অভিযোগ উঠেছে। সরকারকে প্রশ্ন করার কারণেই কার্ড বাতিল করা হয়েছে বলে চ্যানেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সাংবাদিকরা মনে করছেন। বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, একটি চ্যানেলের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলেও চ্যানেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট রিপোর্টাররা এর কারণ জানেন না। সরকারকে প্রশ্ন করার কারণেই কার্ড বাতিল করা হয়েছে বলে তারা মনে করছেন। এ বিষয়ে তথ্য উপদেষ্টার মতামত জানতে চান তিনি।
জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ওই সাংবাদিক কাকে প্রশ্ন করেছেন, তা তিনি জানেন না। সাংবাদিকরা প্রতিদিন তাকে যেসব প্রশ্ন করেন, সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাহলে সবার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া উচিত। তিনি রসিকতা করে বলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি ভয়েই থাকেন এবং মঙ্গলবার কী হবে, তা জানেন না।
শুধু প্রশ্ন করার কারণে সরকার কোনো পদক্ষেপ নেবে বলে তিনি মনে করেন না বলেও জানান তথ্য উপদেষ্টা।
কার্ড বাতিলের কারণ খোঁজ করবেন
অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের খবর তারও নজরে এসেছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি বিষয়টি অবশ্যই খোঁজ করে দেখবেন। কী হয়েছিল এবং কেন কার্ড বাতিল করা হয়েছিল, তা জানার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
সরকার সমালোচনা ও প্রশ্নের ক্ষেত্রে সহনশীলতা দেখাচ্ছে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়েও বিপুল পরিমাণ অপতথ্য ছড়ানো হলেও তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সংকুচিত করা হয়নি।
আরও পড়ুন:







