আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিল্লিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা এতে অংশ নেবেন। কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন। আলোচনায় নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটির কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনা প্রথমবারের মতো একসঙ্গে বসতে যাচ্ছেন। তবে তাদের সঙ্গে প্রায় নিয়মিত ভার্চ্যুয়ালি সভা হচ্ছে।
সাংগঠনিক পরিস্থিতি ও দেশে ফেরা নিয়ে আলোচনা
ইউরোপে অবস্থান করা দলের একজন সাংগঠনিক সম্পাদক জানান, ভারতে অবস্থানরত নেতাদের ডাকা হয়েছে। দিল্লিতে মূলত সাংগঠনিক অবস্থার চিত্র এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ সরাসরি শুনবেন সাবেক প্রধানমন্ত্রী।
সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জানান, নেত্রী অনেককে ডেকেছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী সরব রয়েছেন। তাদের অনেকে দেশে, আবার অনেকে বিদেশে অবস্থান করছেন। আত্মগোপনে থেকে নানাভাবে সক্রিয় নেতাকর্মীদের অনেকে দলের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছেন। কারাবন্দী অনেকে জামিনে মুক্তি পাচ্ছেন। এর মধ্যেই পুলিশের গ্রেপ্তার অভিযানও চলছে।
অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নিয়মিত নতুন কমিটি দেওয়া হচ্ছে। এতে ৫ আগস্টের পর সক্রিয় ও নির্যাতিতদের মূল্যায়ন করা হচ্ছে। নীরব থাকা অনেকে বাদ পড়ছেন।
আরও পড়ুন:







