ব্যাংকিং খাতের মতো দেশের বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ হলে প্রয়োজনে বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে দাবি পরিশোধে বাধ্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহক নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিমা করেন। অথচ অনেক বিমা কোম্পানি গ্রাহকের দাবি পরিশোধ করছে না। বর্তমানে প্রায় ৫৭ শতাংশ বিমা দাবি পরিশোধ করা হয়নি। অর্থাৎ ১০০টি দাবির মধ্যে ৫৭টিই অনিষ্পন্ন রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দুর্নীতি কমাতে অটোমেশন ও অনলাইন লেনদেন বাধ্যতামূলক
অর্থমন্ত্রী জানান, দুর্নীতি কমাতে প্রতিটি বিমা কোম্পানিকে সম্পূর্ণ অটোমেশন ও অনলাইন লেনদেনের আওতায় আনা বাধ্যতামূলক করা হচ্ছে।
তিনি বলেন, বিমা কোম্পানিগুলোকে দাবি পরিশোধের জন্য সময়সীমা দেওয়া হচ্ছে। যারা দাবি পরিশোধ করছে, তারা ভালো করছে। যারা করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনেক কোম্পানি গ্রাহকের পাওনা পরিশোধ না করে জমি ও অন্যান্য সম্পদ কিনেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের যদি নগদ অর্থের সংকট থাকে, তাহলে সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের দাবি পরিশোধ করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, যে মানুষ নিরাপত্তার জন্য বিমা করেন, নিজের কষ্টার্জিত অর্থ থেকে টাকা দেন, তাকে কীভাবে সেই টাকা থেকে বঞ্চিত করা হবে?
আরও পড়ুন:







