মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

ইউপি নির্বাচনের ভোট সাত ধাপে, প্রথম ধাপ ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫০

শেয়ার

ইউপি নির্বাচনের ভোট সাত ধাপে, প্রথম ধাপ ১২ নভেম্বর
ছবি সংগৃহীত

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সাতটি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাত ধাপে ভোটগ্রহণের সূচি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হবে ৩০ ডিসেম্বর।

চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। পঞ্চম ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচন

প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের এ দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার। এসব সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে গ্রহণ করেছে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি।