উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং (নীতি নির্ধারণ) ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর (আচার্য) হিসেবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দেন।
ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই ভিসি রাষ্ট্রপতিকে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
পরে রাষ্ট্রপতি আরও বলেন, ফ্যাসিস্ট আমলের ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে এবং এর মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বসহকারে কাজ করছে।
সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
আরও পড়ুন:







