সোমবার

১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

জ্বালানি সংকট নিরসনে সরকারের আশ্বাসে আশাবাদী ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০

শেয়ার

জ্বালানি সংকট নিরসনে সরকারের আশ্বাসে আশাবাদী ব্যবসায়ীরা
ছবি সংগৃহীত

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আশাবাদী দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। পাঁচটি ভাসমান ও একটি স্থায়ী স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের স্থবিরতা কাটবে বলে মনে করছেন তারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্যবসায়ী প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।

গ্যাস-বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছিল শিল্প উৎপাদন

বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছিল। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা এবং সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ করাও কঠিন হয়ে পড়েছিল।

ব্যবসায়ী প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সরাসরি তাদের কথা শুনেছেন এবং দ্রুততম সময়ে সমস্যা সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট পথরেখা তুলে ধরেছেন।

অতিরিক্ত চাহিদা পূরণে অবকাঠামো তৈরির উদ্যোগ

ব্যবসায়ীরা জানান, সরকার শুধু সাময়িক সমাধানের দিকে নজর না দিয়ে ভবিষ্যতের অতিরিক্ত চাহিদা পূরণে অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি হবে বলে মনে করছেন তারা।

পুঞ্জীভূত সমস্যা নিরসনে সরকারের স্পষ্ট ও দূরদর্শী অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন শিল্পমালিকেরা।

বৈঠকে শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে নীতিগত সব ধরনের সহায়তার পাশাপাশি জ্বালানি সংকট কাটাতে ধাপে ধাপে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সরকারের এই আশ্বাসে দেশের অর্থনীতি ও শিল্প খাতে ইতিবাচক হাওয়া ফিরবে বলে প্রত্যাশা করছেন তরুণ ও প্রবীণ উদ্যোক্তারা।