ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঁধন। বিমানবন্দরে তার বাবা প্রকৌশলী আমিনুল হক উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার ঘটনার পর ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন বলেন, তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা সবসময় লবিতে থাকতেন এবং তিনি যে জায়গায় যেতেন, সেখানেও সঙ্গে সঙ্গে যেতেন। গত ৮ সেপ্টেম্বর তিনি পুলিশের কাছে মামলা করেছেন বলেও জানান। ওই এলাকার পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করেছে বলে উল্লেখ করেন তিনি।
বাঁধন বলেন, যারা আক্রমণ করেছেন, তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়েছেন। তারা মনে করছেন, পার পেয়ে যাবেন। কিন্তু তারা তার গায়ে হাত তুলেছেন। শুধু দূর থেকে গালি দেওয়া, স্লোগান দেওয়া কিংবা পানি ছোড়ার ঘটনা নয়, তারা তার গায়ে হাত তুলেছেন। এই বর্বরতা বন্ধ হতে হবে। হামলাকারীরা নিজেদের জায়গা অনিরাপদ করেছেন, তাদের নয় বলেও মন্তব্য করেন তিনি।
দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, এতে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। দলের বড় বড় নেতারা অডিও ও ভিডিও বার্তা দিয়ে তাদের উসকে দিচ্ছেন। কিন্তু ওই নেতাদের জীবন তাদের নয়। মাথার ঘাম পায়ে ফেলে তারা বাংলাদেশে টাকা পাঠান। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বাঁধন জানান, এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেছেন তিনি। একই সঙ্গে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইতালি সরকারের সহযোগিতার কথাও জানান এই অভিনেত্রী।
আরও পড়ুন:







