রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে: শেরপুরে বিমানমন্ত্রী

‎জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি, শেরপুর

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৫

শেয়ার

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে: শেরপুরে বিমানমন্ত্রী
ছবি: বাংলা এডিশন

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, চীনের বুলেট ট্রেনগুলো ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে চলাচল করে। তবে বাংলাদেশের জন্য গতি কিছুটা কম হলেও তা গ্রহণযোগ্য হবে।

‎রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎দেশের বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি বিমানবন্দর ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে দেশে বেশ কয়েকটি নতুন উড়োজাহাজ আসছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে আরও একটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেয়া হবে।

‎রাজনৈতিক প্রসঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার আবার ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন নজির নেই। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।

‎আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে চিন্তা করছেন, তা দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।

‎মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং ২০২৪ সালে সার্বভৌমত্ব অর্জন করেছে। এই অর্জনের পেছনে যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণে রেখে এবং তাদের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

‎শেরপুরের পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া আকস্মিক পাহাড়ি ঢল থেকে সুরক্ষার জন্য মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

‎জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।

‎এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

‎এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।