শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

রাজধানীর আদাবরে ব্যাগে মিললো নারীর চার টুকরো মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৫

শেয়ার

রাজধানীর আদাবরে ব্যাগে মিললো নারীর চার টুকরো মরদেহ
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর ১০ নম্বরের হাক্কার পাড়ে খালের পাশ থেকে এক নারীর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের আরও দুটি টুকরো এখনো উদ্ধার হয়নি। এক শিশু খালের পাশে দুটি ব্যাগ দেখতে পেয়ে টানাটানি শুরু করে। একপর্যায়ে ব্যাগের ভেতরে মরদেহের বিভিন্ন খণ্ডাংশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ থেকে চার টুকরো মরদেহ উদ্ধার করে।

শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, স্থানীয় এক শিশু খালের পাশে দুটি ব্যাগ দেখতে পেয়ে টানাটানি শুরু করে। এক পর্যায়ে ব্যাগের ভেতরে মরদেহের বিভিন্ন খণ্ডাংশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের চারটি টুকরো উদ্ধার করে।

ঘটনাস্থলে আদাবর থানার ওসি এবং সংশ্লিষ্ট জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। মরদেহটি কয়েক দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহ মধ্যবয়সী নারীর বলে ধারণা করা হচ্ছে।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, মরদেহটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেয়া হয়েছে। তাদের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা করবেন।

ডিসি ইবনে মিজান বলেন, মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেয়া হবে। পাশাপাশি ঘটনাস্থলের ক্রাইম সিন পরীক্ষা করে আরও কোনো আলামত পাওয়া যায় কি না তা খতিয়ে দেখছে।

মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পর হত্যাকাণ্ডের কারণ, জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার অন্যান্য দিক নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হবে। এ ঘটনায় মরদেহের বাকি দুটি টুকরো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।