শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

নেতাকর্মীরা প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৩

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৫

শেয়ার

নেতাকর্মীরা প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীদের প্রত্যেককে মন্ত্রী-এমপি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না; বরং প্রত্যেকেই সরকারের অংশ। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফল করা এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরাই এখন নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীদের প্রত্যেকের পদ পাওয়া জরুরি নয়। তিনি বলেন, প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ এবং সরকারের কার্যক্রম সফল করায় তাদের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, বিএনপি সরকারে থাকায় এখন নেতাকর্মীরা নির্বিঘ্নে কথা বলতে ও চলাফেরা করতে পারছেন। অতীতে মহিলা দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের অতীতের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, তারা বহুবার কারাগারে গেছেন, গ্রেপ্তার হয়েছেন এবং তাদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে পরে আদালতে তোলা ও কারাগারে আটক রাখা হয়েছে। তাদের ওপর অত্যাচার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রিজভী বলেন, বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও অংশ রয়েছে। তাদের প্রতিনিধিরা সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন, যা দলের নেতাকর্মীদের গৌরবের বিষয়।

জনকল্যাণমূলক কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার আহ্বান

রিজভী বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের জানতে হবে এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ সম্পর্কে জনগণকে বোঝানোর ওপর গুরুত্ব দেন তিনি।

‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন উল্লেখ করে রিজভী বলেন, এ দুটি ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

অতীতের রাজপথের আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বেষ্টনী, মামলা, রিমান্ড ও গ্রেপ্তারের মধ্যেও মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছেন। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণবান্ধব ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি বাস্তবায়নে তাদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের বিএনপি সরকার বা বিএনপির জোট সরকার দেশের মানুষের আর্থিক উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নের জন্য কীভাবে কাজ করছে, তা জানতে ও উপলব্ধি করতে হবে। এসব কর্মসূচি সম্পর্কে জেনে তা জনগণের মধ্যে তুলে ধরার আহ্বান জানান তিনি।

পরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন রিজভী।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।