শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

পাথরঘাটায় হরিণের মাংস ও চামড়াসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৫

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৬

শেয়ার

পাথরঘাটায় হরিণের মাংস ও চামড়াসহ একজন আটক
ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত একটি বোটসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।