শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০০

শেয়ার

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার তাদের নেই। তাদের কোনো সভা, সমাবেশ বা মিছিল করারও অধিকার নেই। এমনকি দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনারও সুযোগ নেই।

আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তিনি এ ধরনের প্রশ্নে বিব্রত বোধ করেন এবং এমন প্রশ্ন করাও উচিত নয় বলে মন্তব্য করেন।

তিনি বলেন, এই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে। গতকালও তাকে একজন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, এমন প্রশ্ন করেছিলেন। তার মতে, আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক বা উচিত নয়। কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে নিয়ে এ পর্যায়ে প্রশ্ন করা হলে তারা বিব্রত বোধ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। তারা তা করলে আইনের আওতায় আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।