শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

দিল্লিকে আরো একবার জবাব বাংলাদেশের!

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২২

শেয়ার

দিল্লিকে আরো একবার জবাব বাংলাদেশের!
ছবি বাংলা এডিশন

চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে বদলে গেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সমীকরণ। অতীতে, নয়াদিল্লি ডাকলেই যেভাবে ছুটে যাওয়া কিংবা নতজানু হয়ে একতরফা তোষামোদ করার নীতি দেখা যেত, সেই দিন এখন অতীতের ইতিহাস। চোখ তুলে, স্বাধীন ও সমান মর্যাদার নীতিতেই পরিচালিত হচ্ছে ঢাকার নতুন কূটনীতি।

ব্রিকসে যাচ্ছে না বাংলাদেশ

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) ও রবিবার (১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে বসছে ব্রিকস শীর্ষ সম্মেলন। বিমসটেকের চেয়ারপারসন হিসেবে সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণে ভারতের পক্ষ থেকে কড়া তৎপরতা থাকলেও, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, ব্রিকসে অংশ নিবে না বাংলাদেশের কোনো প্রতিনিধি দল।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তাই বাংলাদেশের কোনো প্রতিনিধি দল যাবে না ভারতে।

অনুকূল পরিবেশ তৈরি এবং ঝুলে থাকা দ্বিপক্ষীয় জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত এই সফর হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সার্বভৌম স্বার্থকে প্রাধান্য

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর, কোনো বিশেষ আঞ্চলিক শক্তির তোয়াজ না করে সার্বভৌম স্বার্থকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নেন মালয়েশিয়া ও চীনকে। বেইজিং সফরে বিনিয়োগ, সবুজ উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও তিস্তা নদী ব্যবস্থাপনা যৌথ সমীক্ষাসহ সই হয় ১৩টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক।

একইসাথে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে বহুমুখী অক্ষের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ। একদিকে চীনা জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত ধাপে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তৈরি হয়েছে সুদৃঢ় বাণিজ্যিক ও কৌশলগত সমীকরণ। মার্কিন বোয়িং বিমান কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সম্পর্কের নতুন দিগন্তের বার্তা দিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একচ্ছত্র কোনো প্রভাবের তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা ইসলামীয় ন্যাটো বলয়ে যোগ দেয়ার আলোচনার পাশাপাশি বিশ্বমঞ্চে নিজস্ব অবস্থানে অনড় বাংলাদেশ।

এই বদলে যাওয়া সমীকরণের মুখেই এবার নয়াদিল্লির আন্তর্জাতিক ব্রিকস সম্মেলন উপেক্ষা করছে বাংলাদেশ। ভারতে শেখ হাসিনার অবস্থান, বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং সীমান্ত ও দ্বিপক্ষীয় অমীমাংসিত সংকটের সুরাহা না হওয়া পর্যন্ত, প্রতিনিধি দল না পাঠানোর বিষয়ে অটল থাকবে ঢাকা, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

সবমিলিয়ে, আলোচনা চলছে, তোয়াজ কিংবা চাপের রাজনীতির দিন শেষ; জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে শীর্ষে রেখে, বৈশ্বিক অঙ্গনে এখন মাথা উঁচু করেই কথা বলছে স্বাধীন বাংলাদেশ।