সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় বেঁধে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।
দলীয় বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগে অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনতে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে বলে দাবি করেন তিনি।
বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নিয়ে বার সভাপতির মন্তব্য
সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে এক শুনানিতে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে বার সভাপতি বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:







