বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৬ ভাদ্র, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫২

শেয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর
ছবি সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তফসিল চূড়ান্ত করার পর তা ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে যারা

ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তা।

তিনি বলেন, এ নির্বাচনেও আউট অব কান্ট্রি ভোটিং থাকছে। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসন থেকে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন নিবন্ধিত হয়েছিলেন।

এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হয় আসন

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তাহার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না এবং কোনো সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাঁহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাহার আসন শূন্য হইবে।

আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

আসনটি শূন্য ঘোষণা করার পর রবিবার (৩০ আগস্ট) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সেখানে লড়েছিলেন।

এ উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।