রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন:







