রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—সাজু মজুমদার, অন্তর রহমান অনু, পারভেজ ও বাবু সেন্টু।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড এলাকায় মো. শাহিনের পথরোধ করে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হয়।
পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







