রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩০

শেয়ার

শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে: আইনমন্ত্রী
ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে নাকি তিনি আপিলের সুযোগ পাবেন, এ নিয়ে বিভিন্ন আলোচনা ও ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে এবং আপিল করতে চাইলে বিষয়টি আইন অনুযায়ী নির্ধারিত হবে।

কোনো ব্যক্তির আপিলের অধিকার আছে কি না, তা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে আলাদাভাবে ব্যাখ্যা করার বিষয় নয় বলেও জানান তিনি। প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নির্ধারণ করা হবে বলে জানান আইনমন্ত্রী।

ডিজিটাল হবে বিয়ে ও তালাক নিবন্ধন

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটালাইজ করার ফলে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি রোধ করা সম্ভব হবে।

একই সঙ্গে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য সহজে যাচাই করা যাবে বলেও জানান তিনি।