বুধবার

৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৫ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ-ভারত পেশাগত সহযোগিতা ও নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৮

শেয়ার

বাংলাদেশ-ভারত পেশাগত সহযোগিতা ও নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে
ছবি সংগৃহীত

যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা

বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

গভীর সামরিক ও কৌশলগত সম্পর্কের ওপর গুরুত্ব

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজের প্রত্যয়

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।