বুধবার

৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৫ ভাদ্র, ১৪৩৩

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা, ভিডিও দিলেন পুলিশকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৮

শেয়ার

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা, ভিডিও দিলেন পুলিশকে
ছবি সংগৃহীত

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে মামলা করেন তিনি। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী।

ঘটনার ভিডিওচিত্রে যাদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গেছে। মামলা দায়েরের সময় ইতালিতে বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল বাঁধনের সঙ্গে ছিল। হামলার ভিডিওচিত্রও পুলিশকে সরবরাহ করা হয়েছে।

মামলা না করে ভেনিস ছাড়বেন না

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানিয়েছিলেন, মামলা দায়ের না করে তিনি ভেনিস ছাড়বেন না। সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি। বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন এই অভিনেত্রী।

কনস্যুলেটের কর্মকর্তাদের সহায়তায় মামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (প্রেস) সাংবাদিক গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানান, বাঁধনের সঙ্গে তার ফোনে বিস্তারিত কথা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বাঁধন তিন আওয়ামী জঙ্গির নামে মামলা করেছেন। ইতালিতে বাংলাদেশের দূতাবাসের দুজন কর্মকর্তা ভেনিসে গিয়ে বাঁধনের সঙ্গে থানায় উপস্থিত ছিলেন এবং ইতালীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে মামলা সম্পন্ন করেন।

তিনি আরও জানান, অভিযুক্তদের ভিডিওচিত্র পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি ইতালির মূলধারার গণমাধ্যমেও বাঁধনকে নিপীড়নের ঘটনা প্রকাশিত হয়েছে।

বাঁধনের পাশে ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ

গোলাম মোর্তোজা জানান, ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে বাঁধনের ওপর হামলার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেও পুলিশকে জানানো হয়েছে।

উৎসব কর্তৃপক্ষ বাঁধনকে ভেনিসে তার ইচ্ছামতো আরও কয়েক দিন থাকার সুযোগ দিয়েছে এবং এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

প্রয়োজনে আবার ভেনিসে যাবেন বাঁধন

মামলা চলমান থাকলেও উৎসব শেষে বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। পরবর্তী সময়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তাকে আবার ভেনিসে যেতে হতে পারে। এ বিষয়ে পুলিশ জানতে চাইলে বাঁধন অবশ্যই আসবেন বলে জানিয়েছেন বলে উল্লেখ করেন গোলাম মোর্তোজা।

এর আগে সোমবার রাতে ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।