২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। হাজীদের আর্থিক চাপ কমাতে প্যাকেজের মধ্যে খাবার খরচ অন্তর্ভুক্ত করার পরও আগের বছরের তুলনায় মূল্য কমানো হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় আগামী বছরের হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী ও সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালের জন্য এ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় প্যাকেজটির মূল্য কমেছে ৭৫ হাজার ৩৫৪ টাকা। একই সাথে এ প্যাকেজে খাবার বাবদ ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
হজ প্যাকেজ-২-এর ক্ষেত্রেও মূল্য কমানো হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। ২০২৬ সালে এ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। আগামী বছর তা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্যাকেজটির মূল্য কমেছে ৫৩ হাজার ২৩৩ টাকা। এ প্যাকেজে খাবার বাবদ ২৯ হাজার টাকাও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে। ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালের জন্য তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, সাধারণত সময়ের সাথে বিভিন্ন সেবার ব্যয় বাড়লেও হাজীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার হজ প্যাকেজ ও বিমান ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে। এটি হজ ব্যবস্থাপনায় একটি ব্যতিক্রমী উদ্যোগ।
ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। বিভিন্ন খাতে নির্ধারিত ব্যয়ের তুলনায় কম খরচ হওয়ায় হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত থাকে।
কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিএফটির মাধ্যমে ওই উদ্বৃত্ত অর্থ সরাসরি সংশ্লিষ্ট হজযাত্রীদের ব্যাংক হিসাবে ফেরত দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:







