মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

গণতন্ত্র বাঁচাতে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৬

শেয়ার

গণতন্ত্র বাঁচাতে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি
ছবি সংগৃহীত

গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে সঠিক পথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

বন্ধ পত্রিকা চালুতে কর্মসংস্থানের ওপর গুরুত্ব

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দৈনিক বাংলা-সহ বন্ধ থাকা অন্যান্য পত্রিকা পুনরায় চালুর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদকর্মীদের কর্মসংস্থানের সংকট নিরসনে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলো চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্ধ পত্রিকা ও বিশেষ ট্রাস্টের অধীনে থাকা পত্রিকাগুলো পুনরায় চালু করা গেলে অন্তত ১ হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন তিনি।

সাংবাদিকদের ঐক্যের আহ্বান

সাংবাদিক সমাজের মধ্যে ঐক্যকে অত্যন্ত জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিভক্তি কখনো সাফল্য এনে দিতে পারে না। সাংবাদিকরা মৌলিক জায়গাগুলোতে এক হতে পারলে সরকার ও বিরোধী দলের সঙ্গেও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে পারবেন।

নিজেদের সুরক্ষার জন্য এবং অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক মানসিকতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা

দেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে তরুণ প্রজন্মের মন-মানসিকতা পরিবর্তনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি। এটিকে প্রতিষ্ঠানে রূপ দিতে হলে মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। পুরনো কর্তৃত্ববাদী চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যেও গণতান্ত্রিক ভাষা ও মানসিকতা তৈরি করা জরুরি।

আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনার পরও যদি পুরনো মানসিকতা থেকে যায়, তাহলে প্রকৃত পরিবর্তন সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজ তুলে ধরার আহ্বান

সরকারের যৌক্তিক ও গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলো গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান রাষ্ট্রপতি।

জনগণের নির্বাচিত সরকারকে কাজ করার জন্য সময় দিতে হবে উল্লেখ করে তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়টি যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেস ক্লাবের সঙ্গে আত্মিক সম্পর্কের কথা স্মরণ

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রেস ক্লাবের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। তার সবচেয়ে দুঃসময়ে প্রেস ক্লাবের সদস্যরা পাশে ছিলেন, যা তার জন্য বিরাট প্রাপ্তি।

সাংবাদিকদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তার জায়গা থেকে সাংবাদিকদের জন্য যতটুকু করার আছে, তিনি তা করার চেষ্টা করবেন।

জাতীয় প্রেস ক্লাবের সুদীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন। দেশের গণমাধ্যমের প্রাণকেন্দ্র জাতীয় প্রেস ক্লাবের উন্নয়নে সরকারের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

দশম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ উপস্থিত সদস্যদের রাষ্ট্রপতির সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে প্রেস ক্লাবে আমন্ত্রণ জানান।

সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অতীতের স্মৃতিচারণ করে বলেন, প্রেস ক্লাবে রাষ্ট্রপতি তাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। প্রেস ক্লাবেরই একজন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারা গর্বিত ও আনন্দিত।

সদস্য কাদের গনি চৌধুরী বিগত সময়ের অপসাংবাদিকতার কথা তুলে ধরে দায়িত্বশীল গণমাধ্যমের ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

সদস্য সৈয়দ আবদাল আহমদ রাষ্ট্রপতির সঙ্গে অতীতের স্মৃতিচারণ করেন এবং গণতন্ত্র রক্ষায় তার ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, গত ১৭ বছর সাংবাদিকদের ওপর যে ধরনের বাধা ও নিয়ন্ত্রণ ছিল, তাতে সাংবাদিকতার সংজ্ঞাই পরিবর্তন করতে হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা মুক্তভাবে লিখতে ও বলতে পারছেন। এই স্বাধীনতা যেন অক্ষুণ্ন ও অব্যাহত থাকে, সে আহ্বান জানান তিনি।

সাংবাদিকরা সত্য তুলে ধরেন উল্লেখ করে সৈয়দ আবদাল আহমদ বলেন, সত্য জানতে হলে সাংবাদিকদের কাছে আসতে হবে। একইসঙ্গে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে দ্রুত দশম ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার ও রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষের প্রতিনিধিদলে সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সদস্য কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, জাহিদুল ইসলাম রনি, শাহনাজ বেগম পলি, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের অবকাঠামো সম্প্রসারণে সাংবাদিক নেতারা সহযোগিতা চাইলে রাষ্ট্রপতি সহযোগিতার আশ্বাস দেন।