ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ইলিয়াস মিয়া ও শিপল মাহমুদ বিপ্লবের নাম জানা গেছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় তাদের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে।
হামলায় ইলিয়াস ও শিপলের নাম
জানা গেছে, ইলিয়াস মিয়া বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আর ছড়িয়ে পড়া ভিডিওতে বাঁধনের দিকে পানি ছুড়ে মারতে দেখা যাওয়া ব্যক্তিকে শিপল মাহমুদ বিপ্লব হিসেবে শনাক্ত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগই ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে তারা আওয়ামী লীগের পক্ষে সভা-সেমিনারে অংশ নিয়েছেন। তাদের কেউ কেউ নিজেদের দলীয় নেতা হিসেবেও পরিচয় দেন। ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করেও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্র আরও জানিয়েছে, আরও কয়েকজন আওয়ামী লীগের কর্মী বাঁধনকে হেনস্তা করেছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জয়ের সঙ্গে ছবি তোলার তথ্য
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি ভেনিসে যান। ওই সময় হামলায় জড়িতদের অনেককে জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে বলে জানা গেছে।
পানি ও পচা ডিম নিক্ষেপের অভিযোগ
ইতালির ভেনিসে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাঁধনের ওপর একদল প্রবাসী হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। বাঁধন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে জানান, তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করা হয়েছে।
বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে বাঁধনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে সঙ্গে থাকা তার ভাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, তার চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল এবং আঘাতে মুখ ফুলে লাল হয়ে যায়। তিনি বলেন, ভাইয়ের সঙ্গে পার্কে যাওয়ার সময় কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোক ছুড়ে মারা হয়। এ সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল। হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, ফোন ফেলে দেন এবং কানের কাছে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাকে জুলাইযোদ্ধা বলে উল্লেখ করেন। তিনি জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানান। হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে তাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বাধ্য করার চেষ্টা করেন। একই সঙ্গে তারা ঘটনাটি ভিডিও করে লাইভে প্রচার ও আপলোড করছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তিনি দেশটিতে গেছেন।
আরও পড়ুন:







