মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪১

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৭

শেয়ার

হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ করবে না বলে ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে তিনি বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্যও অনুরোধ জানিয়েছে ভারত।

সোমবার (৭ সেপ্টেম্বর) অনির্বাণ দাসগুপ্তের নামে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধিদলের ঢাকা সফর

প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস আগে উচ্চপর্যায়ের একটি ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং এ বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে আলোচনা হয়।

ভারতীয় প্রতিনিধিদলটি জানায়, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত হবে না। তিনি আটক হলে তার নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্যও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়।

হাসিনাকে প্রত্যর্পণ না করার বার্তা

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না।

শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আগ্রহী এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা বারবার জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

লস্কর-ই-তৈয়বার সদস্যদের নিয়ে উদ্বেগ

এদিকে বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তাদের মধ্যে চারজন অতীতে কাশ্মীরে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।